শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল ৭টায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার পরে সকাল ৭টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় স্যালুট জানায়।
সকাল সাড়ে ৭টায় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৮টায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে সকাল সাড়ে ৮টা থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুদিন আগে, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে দেশের প্রথিতযশা বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলী ও লেখকসহ দুই শতাধিক কৃতী সন্তান সেদিন প্রাণ হারান।
0 মন্তব্যসমূহ